আমজনতা দলের নিবন্ধন না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ঘোষণা তৃণমূল পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ শাহীনের
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
আমজনতা দলের নিবন্ধন না দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ তৃণমূল পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ শাহীন।
নির্বাচন কমিশন ভবনের সামনে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের অনশন ও অসুস্থতার খবর পেয়ে শেখ শাহীনসহ তৃণমূল পার্টির কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান।
দলীয় সূত্রে জানা যায়, প্রায় একান্ন ঘণ্টা ধরে আমজনতা দলের নেতা-কর্মীরা নিবন্ধনের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন। অনশনের এক পর্যায়ে তারেক রহমান অসুস্থ হয়ে পড়লে তৃণমূল পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় তৃণমূল পার্টির যুগ্ম মহাসচিব শেখ শাহীন সাংবাদিকদের উদ্দেশে বলেন,
> “আমজনতা দলের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র ও শর্ত পূরণ করা হয়েছে। সবকিছু থাকা সত্ত্বেও কেন দলটি নিবন্ধন পাচ্ছে না, তা নির্বাচন কমিশনের ব্যাখ্যা দেওয়া উচিত। আমরা মনে করি, এটি গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের শামিল।”
তিনি আরও বলেন,
> “যদি অবিলম্বে আমজনতা দলকে নিবন্ধন না দেওয়া হয়, তবে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে আমরা চাই না দেশ অস্থিতিশীল হোক বা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানই গণতন্ত্রের মূল শক্তি।”
রাজনৈতিক মহলের বিশ্লেষণ, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দলীয় নিবন্ধন ইস্যুটি এখন বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। তৃণমূল পার্টির এই ঘোষণায় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে অনেকে মনে করছেন।
🖋️ দৈনিক ঢাকার সময় | রাজনৈতিক ডেস্ক অমিত তালুকদার এর তথ্য চিত্রে


